ইনস্টাগ্রামে ক্ষমা চাইলেন উইল স্মিথ

২৯ মার্চ, ২০২২ ০৯:২৮  
এবারের অস্কার মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মারার ঘটনায় ইনস্টাগ্রামে সঞ্চালক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন অস্কারজয়ী উইল স্মিথ। রোগে আক্রান্ত স্ত্রীকে নিয়ে ঠাট্টা কোনোভাবেই মেনে নিতে না পারার ‘আবেগ’-কে ক্ষতিকর উল্লেখ করে স্মিথ ইনস্টাগ্রামে লেখেন, হিংসা মাত্রই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। গত রাতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না। কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু অসুস্থ জাডার (স্মিথের স্ত্রী) শারীরিক অবস্থা নিয়ে ঠাট্টা আমার পক্ষে সহ্য করা কঠিন ছিল। ফলে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তাই প্রতিক্রিয়া জানিয়েছি। যা ঠিক হয়নি। অস্কার জয়ী এই অভিনেতা আরও লেখেন, আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি, ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য লজ্জিত। আমি যে ধরনের মানুষ হতে চাই এটা তার পরিচয় নয়। স্মিথ আরও বলেন, আমার এই ব্যবহার বিশ্ব জুড়ে যারা দেখেছেন তাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি অ্যাকাডেমি অনুষ্ঠানের প্রযোজক এবং সব অংশগ্রহণকারীর কাছে। আমি গভীরভাবে অনুতপ্ত। অস্কারের আলোকোজ্জ্বল মঞ্চে আমার এ আচরণ একটি দাগ ফেলে গিয়েছে।